Logo

কালীগঞ্জে সিএনজি চালকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

profile picture
উপজেলা প্রতিনিধি
৭ জুন, ২০২৬, ১৪:৪৬
কালীগঞ্জে সিএনজি চালকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার
ছবি: প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে সিএনজি চালক ও যাত্রীর ছদ্মবেশে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর পলাশ উপজেলার ব্রাক্ষণপাড়া গ্রামের বাসিন্দা ইসরাত আহমেদ শোভা একটি চাকরির সাক্ষাৎকারে অংশ নিতে গত ৫ জুন রাতে টঙ্গীর উদ্দেশ্যে রওনা দেন। পাঁচদোনা সিএনজি স্ট্যান্ড থেকে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে তিনি যাত্রা শুরু করেন।

পথিমধ্যে রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জের বালীগাঁও বাইপাস এলাকায় পৌঁছালে সিএনজি চালক পূর্বপরিকল্পিতভাবে এক ব্যক্তিকে যাত্রী হিসেবে গাড়িতে তুলে নেয়। এতে শোভা আপত্তি জানালে ওই ব্যক্তি তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। পরে তার কাছ থেকে প্রায় সোয়া দুই ভরি স্বর্ণালংকার এবং একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে তাকে বাইপাস মোড় এলাকায় ফেলে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে।

পরদিন তদন্তে নেমে পুলিশ পাঁচদোনা সিএনজি স্ট্যান্ডে অনুসন্ধান চালিয়ে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল আলীরটেক এলাকার বাসিন্দা ও সিএনজি চালক আরমান মিয়া (২৮)কে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং তার সহযোগী হিসেবে শায়ন ওরফে চয়ন (২৯)-এর নাম প্রকাশ করেন।

পরে পুলিশের অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। একই সঙ্গে ছিনতাই হওয়া একটি স্বর্ণের আংটি, দুই জোড়া স্বর্ণের কানের দুল এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় ভুক্তভোগী ইসরাত আহমেদ শোভা বাদী হয়ে ৬ জুন কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার এবং ছিনতাইকৃত মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গ্রেফতার দুই আসামিকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD