ধরলায় নিখোঁজ দুই ভাই, ২৪ ঘণ্টা পরও মেলেনি সন্ধান

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই কিশোরের সন্ধান ২৪ ঘণ্টা পেরিয়েও পাওয়া যায়নি। দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
বিজ্ঞাপন
সোমবার (৮ জুন) সকাল থেকে ডুবুরি দল ধরলা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি কার্যক্রম শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ দুই ভাইয়ের কোনো খোঁজ মেলেনি।
নিখোঁজ কিশোররা হলো মোগলহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪) এবং নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬)। তারা একই পরিবারের দুই ভাই। তাদের বাবা মোহাম্মদ হেলাল উদ্দিন। পরিবারের বাড়ি মোগলহাট বাজারসংলগ্ন এলাকায়।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে শাওন, সাব্বির ও তাদের বন্ধু মেহেদী ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা ভেসে যেতে শুরু করে। এ সময় মেহেদী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাওন ও সাব্বির স্রোতের টানে নদীর পানিতে তলিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালালেও তাদের খুঁজে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
প্রথম দিনের তল্লাশিতে কোনো সাফল্য না আসায় রাতের জন্য অভিযান স্থগিত করা হয়। সোমবার সকালে আবারও ডুবুরি দল নদীতে নেমে অনুসন্ধান কার্যক্রম শুরু করে।
বিজ্ঞাপন
এদিকে নিখোঁজ দুই কিশোরের স্বজনরা নদীর তীরে অবস্থান করছেন। সন্তানদের উদ্ধারের আশায় উৎকণ্ঠায় সময় পার করছেন পরিবারের সদস্যরা। একই সঙ্গে পুরো এলাকায় নেমে এসেছে শোক ও উদ্বেগের ছায়া।
স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এবং অভিযান অব্যাহত থাকবে।








