Logo

ফুলবাড়ীয়ার কৃতি সন্তান শরীফা হকের নতুন অর্জন

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৮ জুন, ২০২৬, ১৮:০০
ফুলবাড়ীয়ার কৃতি সন্তান শরীফা হকের নতুন অর্জন
ছবি: সংগৃহীত

দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা, সততা এবং জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক (ডিসি) নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর আওতায় তিনি এ সম্মানজনক স্বীকৃতি অর্জন করেন।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর বিভাগীয় বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে মনোনীত করা হয়। এ সংক্রান্ত সরকারি পত্রে স্বাক্ষর করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মো. আবদুল আজিজ।

শরীফা হক ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার আছিম-পাটুলী ইউনিয়নের পোড়াঘাটি তরফদার বাড়ির কৃতি সন্তান। তাঁর এ অর্জনের খবরে ফুলবাড়ীয়াসহ পুরো ময়মনসিংহ জেলায় আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সুশাসন প্রতিষ্ঠা, জনবান্ধব প্রশাসন গড়ে তোলা, সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা ও মানবিক নেতৃত্বের কারণে তিনি বিভিন্ন মহলে প্রশংসা অর্জন করেছেন।

বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা শরীফা হক টাঙ্গাইল জেলার ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় সচেতন মহলের মতে, কর্মদক্ষতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি একজন আদর্শ প্রশাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার বলেন, ফুলবাড়ীয়ার মাটিতে জন্ম নিয়ে শরীফা হক যে সম্মান অর্জন করেছেন, তা আমাদের জন্য অত্যন্ত গর্বের। তাঁর নিষ্ঠা, মানবিকতা ও প্রশাসনিক দক্ষতা এ স্বীকৃতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিজ্ঞাপন

ফুলবাড়ীয়া সমিতি, ময়মনসিংহের আহ্বায়ক মাহবুবুর রশীদ তামান্না বলেন, শরীফা হকের এ অর্জন ফুলবাড়ীয়াবাসীর জন্য একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত। আমরা বিশ্বাস করি, তাঁর সততা, দক্ষতা ও নিষ্ঠা ভবিষ্যতেও রাষ্ট্র ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

শরীফা হকের এই সম্মানজনক অর্জনে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD