পিস্তলসহ গ্রেপ্তার সেই যুবকের সঙ্গে জামায়াত নেতার ছবি ভাইরাল

নোয়াখালীর বেগমগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার হওয়া যুবক আব্দুর রাহিমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। জেলা জামায়াতের সেক্রেটারি ও সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া বোরহান উদ্দিনের সঙ্গে তার একটি ছবি ভাইরাল হওয়ার পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
ভাইরাল হওয়া ছবিতে আব্দুর রাহিম ও বোরহান উদ্দিনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর থেকেই বিভিন্ন মহলে ছবিটি নিয়ে আলোচনা শুরু হয়। পাশাপাশি আব্দুর রাহিমের সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত-সংশ্লিষ্ট বিভিন্ন পোস্ট পাওয়া গেছে বলেও দাবি উঠেছে।
তবে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, আব্দুর রাহিমের সঙ্গে দলটির কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। সোমবার (৮ জুন) রাতে দেওয়া এক প্রতিবাদলিপিতে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আবু জায়েদ বলেন, নির্বাচনী প্রচারণার সময় প্রার্থীদের সঙ্গে সাধারণ মানুষের ছবি তোলা স্বাভাবিক বিষয়। শুধুমাত্র একটি ছবি দেখে কাউকে দলের কর্মী বা সমর্থক হিসেবে চিহ্নিত করা যৌক্তিক নয়।
বিজ্ঞাপন
প্রতিবাদলিপিতে আরও দাবি করা হয়, গ্রেপ্তার আব্দুর রাহিম স্থানীয় এক ছাত্রদল নেতার ঘনিষ্ঠ এবং অভিযানে জব্দ করা মোটরসাইকেলটি ওই নেতার। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াতকে বিতর্কিত করতে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।
এদিকে পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় বেগমগঞ্জ থানার বাংলাবাজার-গোপালপুর সড়কের গোপালপুর ব্রিজসংলগ্ন এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় আব্দুর রাহিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এছাড়া একটি রেজিস্ট্রেশনবিহীন রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশের তথ্য অনুযায়ী, আব্দুর রাহিম বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ (ভূঁইয়া বাড়ি) এলাকার বাসিন্দা এবং জসিম উদ্দিনের ছেলে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।








