পাবনায় তিন ঘণ্টার ব্যবধানে গুলি ও ছুরিকাঘাতে দুইজন নিহত

পাবনায় পৃথক দুটি ঘটনায় মাত্র তিন ঘণ্টার ব্যবধানে গুলি ও ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। ঘটনাগুলোতে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৮ জুন) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পাবনা পৌর এলাকা ও শহরের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন হোসেন আলী (৫৫)। তিনি পাবনা সদর উপজেলার গয়েশপুর জাফরাবাদ গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে। অন্যজন মনিরুল ইসলাম (২২), পাবনার সাঁথিয়া উপজেলার শিবরামপুর পশ্চিমপাড়া গ্রামের মুন্নাফ আলীর ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে সন্তানকে রেখে যাওয়ার সময় হোসেন আলীকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। ছেলে রোহান (১২)-এর সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
অন্যদিকে বিকেল ৪টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে পূর্ব বিরোধের জেরে মনিরুল ইসলাম ও রাকিব নামের দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব ছুরিকাঘাত করলে মনিরুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাকিবকে আটক করেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, হোসেন আলী হত্যার কারণ এখনো জানা যায়নি। ঘটনাটির তদন্ত চলছে। মনিরুল হত্যা মামলার প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।








