ফুলবাড়ীতে অটো রিকশায় গাঁজা পাচার, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আটক

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অটো রিকশায় করে গাঁজা পাচারের অভিযোগে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আছিয়ার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি অটো রিকশায় করে মাদকের চালান পাচার করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল আছিয়ার বাজার এলাকায় নজরদারি শুরু করে। পরে সন্দেহভাজন একটি অটো রিকশা থামিয়ে তল্লাশি চালালে ওই শিক্ষার্থীর কাছে গাঁজা পাওয়া যায় বলে পুলিশ জানায়।
ঘটনার পর কিশোরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জানা গেছে, আটক শিক্ষার্থী স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
বিজ্ঞাপন
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, এত অল্প বয়সী একজন শিক্ষার্থীকে মাদক বহনে ব্যবহার করা হয়ে থাকলে এর পেছনে কোনো মাদক চক্রের সংশ্লিষ্টতা থাকতে পারে। তারা জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ফুলবাড়ী থানা পুলিশ জানিয়েছে, অভিযানের মাধ্যমে গাঁজা উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে। মাদক পাচারের সঙ্গে জড়িত মূল ব্যক্তিদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।








