দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত কর্মী

বাগেরহাটের ফকিরহাটে দুধ-পানি দিয়ে গোসল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়ার ঘোষণা দিয়েছেন শেখ খালিদ হাসান তারেক (৩০) নামে এক ব্যক্তি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
বিজ্ঞাপন
তারেক ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বুড়ির বটতলা এলাকার বাসিন্দা। তিনি দাবি করেন, ২০১১ সাল থেকে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন আন্দোলন, মিছিল-মিটিংয়ে অংশ নিয়েছেন।
তারেকের অভিযোগ, দলের মধ্যে যথাযথ মূল্যায়ন না পাওয়ায় এবং কিছু বিষয় নিয়ে স্থানীয় নেতার সঙ্গে বিরোধের কারণে তিনি ক্ষুব্ধ হন। পরে শুক্রবার জুমার নামাজের আগে বুড়ির বটতলা এলাকায় সড়কের পাশে দুধ-পানি দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা দেন এবং ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।
বিজ্ঞাপন
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তিনি দীর্ঘদিন জামায়াতের রাজনীতি করেছেন, তবে এখন আর এ দলের সঙ্গে থাকবেন না।
তবে তার দাবির বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার সেক্রেটারি আবুল আল মাসুম। তিনি বলেন, ওই ব্যক্তি জামায়াতের কোনো কর্মী নন, তিনি শুধু জামায়াতকে ভালোবাসতেন।








