Logo

কটিয়াদীতে তীব্র তাপপ্রবাহে জনজীবনে দুর্ভোগ

profile picture
উপজেলা প্রতিনিধি
কটিয়াদী, কিশোরগঞ্জ
১৪ জুন, ২০২৬, ১৩:৩৮
কটিয়াদীতে তীব্র তাপপ্রবাহে জনজীবনে দুর্ভোগ
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে কয়েকদিন ধরে বিরাজ করছে তীব্র দাবদাহ। প্রচণ্ড গরমে স্বাভাবিক জীবনযাত্রায় স্থবিরতা নেমে এসেছে।

বিজ্ঞাপন

তাপপ্রবাহের কারণে শিশু ও বয়স্করা বেশি অসুস্থ হয়ে পড়ছেন। উপজেলার হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে জ্বর, ডায়রিয়া ও ঠাণ্ডাজনিত সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে।

সরেজমিনে দেখা গেছে, গত কয়েকদিন ধরে দিন-রাত ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, যাদের জীবিকার তাগিদে প্রচণ্ড গরম উপেক্ষা করে কাজে বের হতে হচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রোদে বের হলেই শরীর ঘামে ভিজে যাচ্ছে। রাতে গরমের কারণে ঘুমাতেও কষ্ট হচ্ছে। অনেকে গাছের ছায়ায় বসে সময় কাটাচ্ছেন। গরমের কারণে বাজারে তালের শাঁস, আখের রস ও শরবতের চাহিদাও বেড়েছে।

কিশোরগঞ্জের নিকলী আবহাওয়া কেন্দ্রের কর্মকর্তা আখতার ফারুক জানান, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

স্বাস্থ্য বিশেষজ্ঞরা গরমে বেশি করে পানি ও তরল খাবার গ্রহণ, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD