গলাচিপায় অবৈধ বালু উত্তোলনের ড্রাম ড্রেজার জব্দ

পটুয়াখালীর গলাচিপায় সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দেশীয় প্রযুক্তির ড্রাম ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা মোড় সংলগ্ন সরকারি খালে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো মেশিন দিয়ে তৈরি ড্রাম ড্রেজার ও প্রয়োজনীয় সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানে ড্রেজার পরিচালনার সঙ্গে জড়িত শ্রমিক সাগর (২৫)-কে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত ড্রাম ড্রেজারের মালিক ফকু বিশ্বাস বলে জানা গেছে।
বিজ্ঞাপন
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (অঃ দাঃ) আবুজর মো. ইজাজুল হক। তিনি বলেন, সরকারি খাল, নদী বা অন্য কোনো স্থান থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করা যাবে না। উপজেলার কোথাও এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে অভিযান চালিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।








