Logo

নিখোঁজের দুদিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩

profile picture
উপজেলা প্রতিনিধি
কক্সবাজার সদর, কক্সবাজার
১৬ জুন, ২০২৬, ১২:৪১
নিখোঁজের দুদিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩
ফাইল ছবি।

কক্সবাজারের মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজের দুদিন পর ওয়াহিদুল ইসলাম নামে সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ফজুমিয়াজিরচর এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত ওয়াহিদুল ইসলাম পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার তৌহিদুল ইসলাম লিটনের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ জুন (রোববার) সন্ধ্যার পর থেকে ওয়াহিদুল নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। পরে মঙ্গলবার সকালে ফজুমিয়াজিরচর ৪ নম্বর ওয়ার্ডের একটি ডোবায় শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও জনপ্রতিনিধিদের খবর দেন।

পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে শিশুটির মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের মধ্যে নানা সন্দেহ ও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনাটি স্বাভাবিক নয় এবং তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত করা হচ্ছে। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন

নিহত শিশুর পরিবার ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD