স্বরূপকাঠিতে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামানের জানাজায় মানুষের ঢল

পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদের জানাজা হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় ফজিলা রহমান মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের উপস্থিতিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে মঙ্গলবার ভোরে ওয়াহিদুজ্জামানের মরদেহবাহী অ্যাম্বুলেন্স স্বরূপকাঠিতে পৌঁছালে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। শেষবারের মতো প্রিয় নেতাকে দেখতে এবং শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছুটে আসেন।
বিজ্ঞাপন
জানাজায় অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন, মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ছিলেন একজন জনবান্ধব ও সর্বজনগ্রহণযোগ্য রাজনৈতিক নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। তার মৃত্যুতে নেছারাবাদ উপজেলা বিএনপি একজন অভিভাবককে হারিয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন দুলাল, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন এবং স্বরূপকাঠি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফকরুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ১৩ জুন সন্ধ্যায় ভারতের দিল্লির ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। তিনি স্বরূপকাঠি উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের কৌরিখাড়া গ্রামের মরহুম আলহাজ মো. হাবিবুর রহমানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।








