Logo

শরনখোলায় মহিলাদের জরুরী প্রতিক্রিয়া সিমুলেশন ড্রিল অনুষ্ঠিত

profile picture
উপজেলা প্রতিনিধি
শরণখোলা, বাগেরহাট
১৬ জুন, ২০২৬, ১৫:২৬
শরনখোলায় মহিলাদের জরুরী প্রতিক্রিয়া সিমুলেশন ড্রিল অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় নারীদের জরুরি দুর্যোগ সাড়াদান ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (CIS), এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (A-PAD) এবং এ-প্যাড বাংলাদেশ (A-PAD Bangladesh)-এর যৌথ উদ্যোগে এবং জাপান সরকারের সহযোগিতায় ‘Women’s Emergency Response Simulation Drill’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।

সম্প্রতি শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের ৬৮ নম্বর মালির রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মহড়া ও প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমাদুল হক।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাস্তবমুখী প্রশিক্ষণ। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত নারী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলার কৌশল হাতে-কলমে প্রদর্শন করেন।

মহড়ায় বিশেষভাবে বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে আতঙ্কিত না হয়ে দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়, অগ্নিনির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার এবং দুর্ঘটনার পর আটকে পড়া মানুষকে নিরাপদে উদ্ধারের কৌশল প্রদর্শন করা হয়।

প্রধান শিক্ষক এমাদুল হক বলেন, বাসাবাড়িতে রান্নাসহ বিভিন্ন গৃহস্থালি কাজের সঙ্গে নারীরা বেশি সম্পৃক্ত থাকেন। তাই দুর্যোগ মোকাবিলায় এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং দুর্ঘটনার সময় জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

তিনি এ ধরনের সময়োপযোগী উদ্যোগের জন্য আয়োজক সংস্থা ও শরণখোলা ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানান।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ফায়ার সার্ভিসের বাস্তবভিত্তিক প্রশিক্ষণের প্রশংসা করে ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আরও বেশি আয়োজনের দাবি জানান।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD