কিশোরগঞ্জে ইজিবাইক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

কিশোরগঞ্জের ভৈরবে একটি ইজিবাইক তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কমলপুর এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কমলপুর এলাকার টিনশেড নির্মিত একটি ইজিবাইক তৈরির কারখানায় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
দীর্ঘ চেষ্টার পর বেলা সোয়া ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে আগুনে কারখানার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আলামিন মিয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তাদের দ্রুত পদক্ষেপের ফলে আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।
বিজ্ঞাপন
এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজও চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।








