পিরোজপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আহ্বান ইউএনওর

মাদকদ্রব্যের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পিরোজপুরে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৬ জুন) সকাল ১১টায় পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ বলেন, মাদক শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, এটি একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। মাদকের বিস্তার রোধে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের কাছে কোনো দোকান বা প্রতিষ্ঠান থেকে সিগারেট বা মাদকদ্রব্য বিক্রি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে প্রশাসন কাজ করছে।
ইউএনও তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশতিয়াক আহমেদ এবং পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাধেশ্যাম সরকার।
বিজ্ঞাপন
কর্মশালাটি সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন।
বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। এর বিরুদ্ধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে মাদকের ক্ষতিকর প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।








