Logo

তর্কের জেরে বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

profile picture
জেলা প্রতিনিধি
গাইবান্ধা
১৭ জুন, ২০২৬, ১১:৫৭
তর্কের জেরে বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে তর্কের জেরে কিশোর রাহাতকে (১৫) পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দুই বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই কিশোরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে নিহতের পরিবার ও স্বজনরা।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জুন) সকালে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণসিংহা গ্রামের অভিযুক্তদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই কিশোরসহ তাদের পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

অভিযুক্ত দুই কিশোর হলো একই এলাকার জবান আলীর ছেলে সাকিব (১৫) ও সাইদুল ইসলামের ছেলে রিফাত (১৫)।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উত্তর হরিণসিংহা গ্রামের হাওয়াই দিঘিতে গোসল করতে নামে সাকিব, রিফাত ও রাহাত। গোসলের সময় কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে সাকিব ও রিফাত মিলে রাহাতকে পানিতে চুবাতে থাকে। এতে তার মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে।

পরে বুধবার সকাল ৮টার দিকে নিহত রাহাতের পরিবার ও বিক্ষুব্ধ স্বজনরা বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তদের বাড়িতে হামলা চালায়। এসময় তারা ঘরে ঢুকে থালা-বাসন, আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এবং কিছু সামগ্রী পুকুরের পানিতে ফেলে দেয়।

বিজ্ঞাপন

বিক্ষুব্ধরা পরে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের বাধার মুখে তা ব্যর্থ হয়। এসময় তারা প্রথমে জবান আলীর বাড়ি এবং পরে সাদেকুলের বাড়িতেও ভাঙচুর চালায়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD