Logo

ফুলবাড়ীতে বিএনপির সাংগঠনিক দুর্বলতা, ইউপি নির্বাচন ঘিরে নেই দৃশ্যমান প্রার্থী

profile picture
উপজেলা প্রতিনিধি
ফুলবাড়ী, কুড়িগ্রাম
১৮ জুন, ২০২৬, ১৩:২১
ফুলবাড়ীতে বিএনপির সাংগঠনিক দুর্বলতা, ইউপি নির্বাচন ঘিরে নেই দৃশ্যমান প্রার্থী
ছবি : এআই দিয়ে তৈরি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় রাজনৈতিক তৎপরতা বাড়লেও বিএনপির মাঠপর্যায়ের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে দুর্বলতা তৈরি হয়েছে বলে দাবি করছেন দলটির নেতাকর্মীদের একাংশ।

উপজেলার ছয়টি ইউনিয়নে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ, উঠান বৈঠক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিলেও বিএনপির পক্ষ থেকে এখনো কোনো শক্তিশালী প্রার্থীকে মাঠে দেখা যাচ্ছে না বলে স্থানীয়দের অভিমত।

বিজ্ঞাপন

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাংগঠনিক নেতৃত্বের ঘাটতি ও অভ্যন্তরীণ বিভক্তির কারণে বিএনপি নির্বাচনী প্রস্তুতিতে কিছুটা পিছিয়ে রয়েছে। দলটির কয়েকজন নেতাকর্মীর অভিযোগ, দীর্ঘদিন উপজেলা কমিটি না হওয়ায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

এদিকে জামায়াত ও এনসিপি ঘরানার সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন ইউনিয়নে নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন। এতে নির্বাচনী আলোচনায় তাদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ভোটাররা।

ফুলবাড়ী উপজেলার সাবেক ছাত্রদল নেতা হযরত আলীসহ কয়েকজন বিএনপি নেতাকর্মী বলেন, দ্রুত সাংগঠনিক ঐক্য প্রতিষ্ঠা ও কমিটি গঠন না হলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল সমর্থিত যোগ্য প্রার্থী বাছাই কঠিন হয়ে পড়তে পারে।

বিজ্ঞাপন

স্থানীয় শিক্ষক ও সমাজসেবক রবিউল আলম বলেন, ফুলবাড়ীতে বিএনপির নিজস্ব ভোটব্যাংক রয়েছে। তবে সময়মতো মাঠে প্রচারণা শুরু না করলে দল সমর্থিত প্রার্থীরা সাধারণ ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ হারাতে পারেন।

তবে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার বলেন, নির্বাচন ঘনিয়ে এলে দলীয় অবস্থান আরও স্পষ্ট হবে। ছয়টি ইউনিয়নেই বিএনপির সম্ভাব্য প্রার্থীরা জয়ী হওয়ার মতো অবস্থানে রয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বড় দল হিসেবে বিএনপির মধ্যে কিছু মতপার্থক্য থাকলেও নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। জনগণ উন্নয়নের পক্ষে, তাই তারা বিএনপির মনোনীত প্রার্থীদের সমর্থন করবেন বলে আমরা আশা করছি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফুলবাড়ীতে বিএনপির ভোটব্যাংক থাকলেও সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে আসন্ন স্থানীয় নির্বাচনে এর প্রভাব পড়তে পারে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো আগেভাগেই মাঠ গোছাতে শুরু করায় নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD