Logo

মাদক ছাড়তে হবে, জড়িত থাকলে বিএনপিতে পদ থাকবে না: এমপি জালাল

profile picture
উপজেলা প্রতিনিধি
কটিয়াদী, কিশোরগঞ্জ
২০ জুন, ২০২৬, ১২:৪৯
মাদক ছাড়তে হবে, জড়িত থাকলে বিএনপিতে পদ থাকবে না: এমপি জালাল
ছবি: প্রতিনিধি

মাদকের সঙ্গে জড়িত থাকলে বিএনপিতে কোনো পদ দেওয়া হবে না, এমনকি গুরুত্বপূর্ণ পদে থাকলেও তা হারাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ জুন) রাতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মুগদিয়া বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত মাদকবিরোধী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি জালাল উদ্দিন বলেন, আপনার সন্তান ও আগামী নতুন প্রজন্মের ভালো ভবিষ্যতের জন্য মাদক ছাড়তে হবে। কেউ যদি মাদকের সঙ্গে জড়িত থাকেন, তাহলে বিএনপিতে পদ পাবেন না। এমনকি গুরুত্বপূর্ণ পদে থাকলেও পদ চলে যাবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সৎ ও যোগ্য ব্যক্তিদের সভাপতি নির্বাচিত করতে হবে। মাদক নির্মূলে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী কমিটি গঠন করা হবে। এসব কমিটিতে নেতৃত্ব দেবেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা।

তিনি বলেন, দল ও দলের সম্মান রক্ষা এবং সমাজ থেকে মাদক দূর করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

মসূয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আরশাফুল হক দাদন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন, কটিয়াদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদলসহ অনেকে।

এ সময় কটিয়াদী উপজেলা ও মসূয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD