বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে ব্যাংকের নিরাপত্তাকর্মীর আত্মহত্যা

নাটোরের বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট খাওয়ার পর বিপুল কুমার সরকার (৪৩) নামে এক ব্যাংকের নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের কৃষ্ণপুর (গালিমপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত বিপুল কুমার সরকার ওই গ্রামের মৃত অদ্বৈত প্রসাদ সরকারের ছেলে। তিনি বগুড়ায় একটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তাকর্মী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিপুল বগুড়া থেকে বাড়িতে ফেরেন। বাড়িতে এসেই তিনি তার বড় বোন অর্চনা রানীকে জানান, তিনি কোমল পানীয়ের সঙ্গে গ্যাস ট্যাবলেট সেবন করেছেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে রাজশাহীর বানেশ্বর বাজার এলাকায় তার মৃত্যু হয়।
পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ রাত ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে যায়।
বিজ্ঞাপন
পরিবারের সদস্যরা আরও জানান, বিপুল কুমার সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন ঋণের চাপে মানসিক অশান্তিতে ভুগছিলেন। তাদের ধারণা, ঋণের চাপ থেকেই তিনি এ ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জর (ওসি) মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে শনিবার (২০ জুন) মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।








