আরও ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থান নেওয়ায় সেই চেষ্টা সফল হয়নি।
বিজ্ঞাপন
শুক্রবার (১৯ জুন) ভোরে বুড়িপোতা সীমান্তের খালপাড়া এলাকার শূন্যরেখার ওপারে চারজন ব্যক্তিকে দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানার পর বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেন এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী নো-ম্যানস ল্যান্ড এলাকায় অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। তবে তাদের পরিচয় কিংবা জাতীয়তা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। সম্ভাব্য পুশইনের আশঙ্কায় বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও পরিস্থিতির ওপর নজর রাখছেন।
জানা গেছে, ঘটনাস্থলের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার নাটনা বিএসএফ ক্যাম্প অবস্থিত।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, ভোরে চারজনকে বাংলাদেশে পুশইনের একটি চেষ্টা প্রতিহত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।








