Logo

সংস্কৃতি-সম্প্রীতির বন্ধনে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল উদ্বোধন

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২০ জুন, ২০২৬, ১০:৫৪
সংস্কৃতি-সম্প্রীতির বন্ধনে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল উদ্বোধন
ছবি: সংগৃহীত

চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’। দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি, সম্প্রীতি ও পর্যটন শিল্পকে আন্তর্জাতিক পর্যটকদের কাছে তুলে ধরার লক্ষ্যেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম বলেন, তারেক রহমানের সরকারের নির্বাচনী ইশতেহারে পর্যটন খাতের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ‘হারমোনি ফেস্টিভ্যাল’ সেই প্রতিশ্রুতিরই একটি অংশ।

তিনি বলেন, এই উৎসব দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি, সম্প্রীতি ও পর্যটন সম্ভাবনাকে তুলে ধরার একটি অনন্য আয়োজন। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের কাছে বাংলাদেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য পৌঁছে যাচ্ছে।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, পর্যটন ও সেবা খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের পর্যটন আকর্ষণ ও সম্ভাবনাকে দেশে-বিদেশে তুলে ধরতে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, মৌলভীবাজার জেলার পর্যটন শিল্পের বিকাশ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। শমসেরনগর বিমানবন্দর চালু, পর্যটন এলাকায় শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন দাবির বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে এবং পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এস নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুর রউফ।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান, সিলেট রেঞ্জ ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. মনিরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।

তিন দিনব্যাপী এই উৎসব চলবে আগামী ২১ জুন পর্যন্ত। উৎসবে নৃ-গোষ্ঠীগুলোর বৈচিত্র্যময় জীবনযাপন, ঐতিহ্যবাহী পণ্য, লোকজ সংস্কৃতি, শৈল্পিক কারুকাজ এবং নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD