Logo

গবেষণার জন্য সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

profile picture
জেলা প্রতিনিধি
ঢাকা
২৩ জুন, ২০২৬, ১৯:৫১
গবেষণার জন্য সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) স্থানান্তর করা হয়েছে। গবেষণা কার্যক্রম পরিচালনা এবং প্রাণীটির বিশেষ বৈশিষ্ট্য নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে নির্ধারিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে মহিষটিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ২১ জুন জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে প্রাণীটিকে বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করে। স্থানান্তরের পর মহিষটির স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক অবস্থা পর্যবেক্ষণ এবং গবেষণার সম্ভাব্য ক্ষেত্র নির্ধারণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেবের নেতৃত্বে ১৩ সদস্যবিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা প্রাণীটির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং ভবিষ্যৎ গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।

বিজ্ঞাপন

গৌতম কুমার দেব জানান, চিড়িয়াখানা থেকে নতুন পরিবেশে আনার কারণে মহিষটিকে প্রথমে ১৪ থেকে ২১ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। এই সময়ের মধ্যে তার স্বাস্থ্যগত অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং কোনো সংক্রামক রোগ আছে কি না তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থাও বজায় রাখা হবে। কোয়ারেন্টাইন পর্ব শেষ হওয়ার পর গবেষণার কাজে প্রাণীটিকে কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আলোচিত এই মহিষটির যাত্রাপথও বেশ ঘটনাবহুল। কোরবানির ঈদের আগে প্রাণীটি নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন-পালন করা হচ্ছিল। অস্বাভাবিক সাদা বর্ণ, ঘন লোম এবং ব্যতিক্রমধর্মী শারীরিক গঠনের কারণে এটি দ্রুত মানুষের নজর কাড়ে। খামারটির মালিকের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের নামের সঙ্গে মিল রেখে মহিষটির নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

নামকরণ এবং এর ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্যের কারণে খুব অল্প সময়েই মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দেশ-বিদেশের বহু সংবাদমাধ্যমেও প্রাণীটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

পরে খামারের মালিক জিয়া উদ্দিন মৃধা মহিষটিকে কেরানীগঞ্জের বাসিন্দা মনিরুজ্জামানের কাছে বিক্রি করেন। কোরবানির ঈদকে সামনে রেখে গত ২৫ মে প্রাণীটিকে নারায়ণগঞ্জ থেকে কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হয়।

তবে ঈদের আগের দিন ঘটনাপ্রবাহে নতুন মোড় আসে। প্রশাসনের উদ্যোগে মহিষটিকে কেরানীগঞ্জের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। প্রথমে সেটিকে স্থানীয় থানায় নেওয়া হয় এবং পরবর্তীতে নিরাপদ সংরক্ষণের জন্য জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

মিরপুর জাতীয় চিড়িয়াখানায় কিছুদিন রাখার পর প্রাণীটির বিরল বৈশিষ্ট্য ও সম্ভাব্য বৈজ্ঞানিক গুরুত্ব বিবেচনায় গবেষণার উদ্দেশ্যে বিএলআরআইয়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, অ্যালবিনো বৈশিষ্ট্যের এই মহিষ নিয়ে গবেষণা দেশের প্রাণিসম্পদ খাতে নতুন তথ্য ও জ্ঞান অর্জনে সহায়ক হতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD