Logo

কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

profile picture
উপজেলা প্রতিনিধি
কটিয়াদী, কিশোরগঞ্জ
২৮ জুন, ২০২৬, ১২:২৯
কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম ওরফে কালা মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুন) সন্ধ্যার পর উপজেলার লোহাজুরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঝিড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের দুলা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার কিছুক্ষণ পর দক্ষিণ ঝিড়ারপাড় এলাকার বৈশাকুরা ঈদগাহসংলগ্ন সড়কের পাশের একটি ডোবায় রক্তাক্ত অবস্থায় শফিকুল ইসলামকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তবে ঠিক কোথায় এবং কীভাবে তাকে ছুরিকাঘাত করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিহতের স্বজন ও লোহাজুরী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন, শফিকুল ইসলামের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল বলে আমাদের জানা নেই। একসময় তিনি অটোরিকশা চালাতেন, বর্তমানে কৃষিকাজ করতেন। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা জানি না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, হত্যার কারণ এখনো জানা যায়নি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে কাজ করছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD