Logo

দৌলতপুরে মাদকসহ যুবককে আটকে পুলিশে দিলেন জনতা

profile picture
উপজেলা প্রতিনিধি
দৌলতপুর, কুষ্টিয়া
২৮ জুন, ২০২৬, ১২:৩৭
দৌলতপুরে মাদকসহ যুবককে আটকে পুলিশে দিলেন জনতা
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে মাদকসহ এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুন) রাত আনুমানিক ১০টার দিকে সংগ্রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মো. রুপচাঁদ আলী। তিনি উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগনাথপুর গ্রামের আক্কেল বিশ্বাসের ছেলে।

এলাকাবাসী জানায়, রুপচাঁদ আলীকে আটক করার সময় তার কাছ থেকে তিন পিস ইয়াবা ও নয় পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় শাকিবুল ইসলামসহ কয়েকজন জানান, এলাকায় মাদকের বিস্তার বেড়েছে। তাদের অভিযোগ, মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে তথ্য দিলেও অনেক সময় কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। এ কারণে এলাকাবাসী নিজেরাই মাদকবিরোধী উদ্যোগ নিয়ে রুপচাঁদ আলীকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন।

তারা আরও অভিযোগ করেন, মাদকসেবী বা খুচরা বিক্রেতা আটক হলেও অনেক সময় মূল কারবারিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এলাকাবাসীর ওপর হামলার আশঙ্কাও রয়েছে বলে জানান তারা।

বিজ্ঞাপন

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, তিন পিস ইয়াবা ও নয় পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ রুপচাঁদ আলী নামে এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে দিয়েছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD