Logo

এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পড়িয়ে বিপাকে পুলিশ

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
৩০ জুন, ২০২৬, ২২:৩১
এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পড়িয়ে বিপাকে পুলিশ
ছবি: সংগৃহীত

বরিশালে ইয়াবাসহ আটক এক যুবকের গায়ে থাকা আর্জেন্টিনার জার্সির পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সি বসিয়ে ছবি প্রকাশের অভিযোগ উঠেছে বরিশাল মহানগর পুলিশের গণমাধ্যম শাখার বিরুদ্ধে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে পুলিশ। একই সঙ্গে বিষয়টি নিয়ে ব্রাজিল সমর্থকদের একাংশের মধ্যেও ক্ষোভের প্রতিক্রিয়া দেখা যায়।

বিজ্ঞাপন

পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সংশোধিত বার্তার মাধ্যমে পরিবর্তিত ছবি সরিয়ে সঠিক ছবি ও তথ্য আবারও গণমাধ্যম শাখার বার্তা আদান-প্রদানের দল এবং ইলেকট্রনিক ডাকের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে বিষয়টি ‘দুষ্টুমির ছলে’ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপপরিদর্শক তানজিল আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল নগরীর পলাশপুর কলোনিতে অভিযান চালিয়ে রাসেল হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। রাসেল পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাদশা হাওলাদারের ছেলে। আটক হওয়ার সময় তার গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল।

পরে কাউনিয়া থানার পুলিশ রাসেলকে আটকের পর তার জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তুলে মহানগর পুলিশের গণমাধ্যম শাখায় পাঠায়। অভিযোগ রয়েছে, সেখানে দায়িত্বপ্রাপ্তরা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিলের জার্সি বসিয়ে দেন।

বিজ্ঞাপন

রাসেল হাওলাদারকে আটকের বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজিত চন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মোহাম্মদপুর কলোনির মামুন মিয়ার ঘেরসংলগ্ন এলাকা থেকে চিহ্নিত মাদক কারবারি রাসেল হাওলাদারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে এই চক্রের মূল সদস্য আঁখি (৩২) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি দক্ষিণ পলাশপুর এলাকার আবুল হোসেন হাওলাদারের মেয়ে। তার বিরুদ্ধে কাউনিয়া থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। মামলায় আটক রাসেল হাওলাদার এবং পলাতক আঁখিকে আসামি করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD