Logo

কটিয়াদীতে মাদক-জুয়ার বিস্তার রোধে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

profile picture
উপজেলা প্রতিনিধি
কটিয়াদী, কিশোরগঞ্জ
৪ জুলাই, ২০২৬, ১৬:০৮
কটিয়াদীতে মাদক-জুয়ার বিস্তার রোধে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মাদক ও জুয়ার বিস্তার রোধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও জুয়ার আসর চলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বাড়ছে। এ অবস্থায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

শনিবার (৪ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কদমতলা এলাকায় স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নেন মাদক নির্মূল কমিটির সদস্য ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকদের দাবি, মাদক ও জুয়ার বিস্তার ঠেকাতে স্থানীয়দের সমন্বয়ে একটি মাদক নির্মূল কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা নিয়মিত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করছেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য দেন মাদক নির্মূল কমিটির সভাপতি মাসুদুজ্জামান বাবু, উপদেষ্টা আবুল কাশেম ও এস এম সাত্তার এবং সদস্য আরমান, সুমন, স্বপন, আলম ও আব্দুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, মাদক ও জুয়ার কারণে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। নতুন প্রজন্মকে রক্ষা করতে মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, জেলা পুলিশ ও থানা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে সহায়তা করতেই স্থানীয়দের উদ্যোগে এই কমিটি গঠন করা হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে মাদক ও জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

বক্তাদের অভিযোগ, এলাকার একটি প্রভাবশালী মহল মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা বলেন, মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় নেই—তাদের একমাত্র পরিচয় তারা অপরাধী।

বিজ্ঞাপন

মানববন্ধন থেকে অবিলম্বে মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি জানানো হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD