Logo

বঙ্গোপসাগরে নিখোঁজ ৬ জেলে, দুই দিনেও মেলেনি কোনো খোঁজ

profile picture
জেলা প্রতিনিধি
পটুয়াখালী
৭ জুলাই, ২০২৬, ২০:০২
বঙ্গোপসাগরে নিখোঁজ ৬ জেলে, দুই দিনেও মেলেনি কোনো খোঁজ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপার ১১ জেলেকে বহনকারী একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ডুবে যাওয়ার ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও এখনও নিখোঁজ ৬ জেলের কোনো সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে স্বজনেরাও পৃথক ট্রলার নিয়ে গভীর সমুদ্রে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, গত রবিবার (৫ জুলাই) রাতে রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের মুখে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে মোট ১১ জন জেলে ছিলেন। দুর্ঘটনার পর পাঁচজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি ছয়জন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া আহত জেলেদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উদ্ধার হওয়া জেলে বায়েজিদ জানান, ট্রলারটি ডুবে যাওয়ার পর তারা ট্রলারের অংশ ও একটি বয়া ধরে প্রায় ছয় ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। পরে অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের উদ্ধার করে।

নিখোঁজ ৬ জেলে হলেন— পানপট্টি ইউনিয়নের দক্ষিণ পানপট্টি গ্রামের মৃত গেদু হাওলাদারের ছেলে মো. হারুন হাওলাদার, পানপট্টি গ্রামের মো. ইমাদুল, গজালিয়া ইউনিয়নের ইচাদী গ্রামের মো. ফোরকান, মো. সায়েম ও মো. আল আমিন এবং গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের মো. আকাশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার হওয়া পাঁচ জেলে এবং নিখোঁজ ছয় জেলের পরিবারের প্রত্যেককে সাত হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা ও শুকনো খাবার দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজার মো. ইজাজুল হক।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা নিয়মিত কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। উদ্ধার অভিযান চলছে এবং বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া আহত জেলেদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিখোঁজ জেলেদের উদ্ধারে স্বজনেরাও পৃথক একটি ট্রলার নিয়ে গভীর সমুদ্রে অনুসন্ধান চালাচ্ছেন। এ ঘটনায় নিখোঁজ জেলেদের পরিবারগুলো চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার মো. ইজাজুল হকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা নিখোঁজ ও উদ্ধার হওয়া জেলেদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় তাদের হাতে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD