জলমগ্ন রেললাইনে আটকে আছে পর্যটক এক্সপ্রেস, দুর্ভোগে যাত্রীরা

চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও সৃষ্ট জলাবদ্ধতার কারণে রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’-এর চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ট্রেনটি মাঝপথেই থামিয়ে দেওয়ায় শতাধিক যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে চট্টগ্রামের ষোলশহর স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের ওপর বৃষ্টির পানি জমে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
রেলওয়ে সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় রেলপথ পানিতে তলিয়ে যায়। ইঞ্জিনে পানি প্রবেশের আশঙ্কা এবং সম্ভাব্য যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় চালক তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপর থেকে ট্রেনটি ষোলশহর এলাকায় আটকে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
রেলওয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই ট্রেনটির চলাচল আপাতত স্থগিত রাখা হয়েছে। রেলওয়ে কন্ট্রোল রুমের নির্দেশনা অনুযায়ী, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেনটি আর এগোবে না।
যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা হিসেবে আরেকটি ইঞ্জিন আনার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেটির মাধ্যমে আটকে থাকা ট্রেনটিকে পেছনের দিকে টেনে আবার চট্টগ্রাম স্টেশনে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কক্সবাজারগামী যাত্রীরা বিপাকে পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারার আশঙ্কা প্রকাশ করেছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি নেমে রেলপথ নিরাপদ হলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।








