Logo

বরগুনায় শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

profile picture
উপজেলা প্রতিনিধি
তালতলী, বরগুনা
৭ জুলাই, ২০২৬, ১৫:৫৬
বরগুনায় শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
ছবি: প্রতিনিধি

বরগুনার তালতলীতে পর্যটনকেন্দ্র শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক কিশোর পর্যটক নিখোঁজ হয়েছেন। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় প্রবল স্রোতে তিনি নিখোঁজ হন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলামের উপস্থিতিতে পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

নিখোঁজ পর্যটকের নাম মো. আসাদুল (১৬)। তিনি বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার বাসিন্দা মো. মুসার ছেলে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আসাদুলসহ পাঁচ বন্ধু শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন। পরে তারা সমুদ্রে গোসল করতে নামেন। কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় প্রবল স্রোতে তারা ভেসে যান। স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও আসাদুল নিখোঁজ হন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ভেসে যাওয়ার পর দীর্ঘ সময় মাছ ধরার জন্য সমুদ্রে গেড়ে রাখা একটি খুঁটি ধরে ছিলেন আসাদুল। একপর্যায়ে তিনি খুঁটি ছেড়ে পানিতে ডুবে যান এবং নিখোঁজ হন। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে উদ্ধার অভিযান শুরু হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, দুপুরের দিকে পাঁচজন একসঙ্গে ঘুরতে এসে সমুদ্রে নামেন। এ সময় আসাদুল নামে একজন পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। তবে এখন পর্যন্ত নিখোঁজ আসাদুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD