কাঁধে তুলে সিএনজি পার, গর্ভবতী নারী থাকার বিষয়ে যা জানা গেলো

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কাগজিখোলা-খুঁটাখালী ছড়ায় সেতু না থাকায় কয়েকজন স্থানীয় বাসিন্দা কাঁধে তুলে একটি সিএনজিচালিত অটোরিকশা পারাপার করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দাবি করা হয়, অটোরিকশাটিতে একজন গর্ভবতী নারী ছিলেন। তবে তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
বিজ্ঞাপন
বুধবার (৮ জুলাই) বাইশারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাগজিখোলা-খুঁটাখালী ছড়ায় ঘটনাটি ঘটে।
বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম কোম্পানী বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সীমান্তে খুঁটাখালী খাল অবস্থিত। সেখানে একটি সেতুর অভাব দীর্ঘদিনের। তাই স্থানীয় লোকজন কাঁধে করে সিএনজিটি পারাপার করেছেন।
তিনি বলেন, তবে সিএনজিতে কোনো গর্ভবতী নারী ছিলেন না। প্রতিবছর বর্ষা মৌসুমে কাগজিখোলা-খুঁটাখালী ছড়ায় একই চিত্রের পুনরাবৃত্তি ঘটে। স্থায়ী সেতু নির্মাণ না হলে এলাকাবাসীর দুর্ভোগ আরও বাড়বে।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে ছড়ার পানি ও স্রোত বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে বাধ্য হয়ে কয়েকজন ব্যক্তি জীবনের ঝুঁকি নিয়ে কাঁধে করে সিএনজিচালিত অটোরিকশাটি পারাপার করেন। বর্ষা এলেই এ রকম দুর্ভোগ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়। এতে শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষসহ সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই স্থানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতি বর্ষায় একই সমস্যার পুনরাবৃত্তি ঘটছে। এলাকাবাসীর দাবি, দ্রুত একটি টেকসই সেতু নির্মাণ করে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কাউকে জীবনের ঝুঁকি নিয়ে এভাবে চলাচল করতে না হয়।
এদিকে বিষয়টি নিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি তিনি দেখেছেন এবং এর সত্যতা যাচাই করা হচ্ছে। তিনি জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তের সঙ্গে কক্সবাজারের ঈদগড় ও রামু উপজেলার সংযোগ রয়েছে। গতকাল ওই এলাকাগুলোর বিস্তীর্ণ অংশও বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল। তাই ভিডিওটি ঠিক কোন উপজেলার, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন








