চট্টগ্রামে পানিবন্দি মানুষের পাশে সৈয়দ হাসান আযহারী

চট্টগ্রামে টানা বর্ষণ ও জলাবদ্ধতায় সৃষ্ট দুর্যোগে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন পাঁচলাইশ থানার ৩ নম্বর ওয়ার্ডের চালতলী এলাকার কৃতী সন্তান সৈয়দ হাসান আযহারী। শুক্রবার (১০ জুলাই) দিনব্যাপী তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরে ঘুরে অসহায় ও পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণসামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করেন।
বিজ্ঞাপন
কয়েক দিনের টানা বৃষ্টিতে চালতলী এলাকার শত শত পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেকের ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এমন পরিস্থিতিতে এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন সৈয়দ হাসান আযহারী।
ত্রাণ বিতরণকালে তিনি চালতলী এলাকার বিভিন্ন অলিগলি ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। পরে তাদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ত্রাণ তুলে দেন। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবকরাও তার সঙ্গে সহায়তা কার্যক্রমে অংশ নেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আকস্মিক এই দুর্যোগে অনেক পরিবার চরম সংকটে পড়েছে। ঠিক এমন সময়ে সৈয়দ হাসান আযহারী এলাকার সন্তান হিসেবে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা তাদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। তার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন স্থানীয়রা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ বিষয়ে সৈয়দ হাসান আযহারী বলেন, ‘দুর্যোগের এই সময়ে নিজের এলাকার পানিবন্দি ও অসহায় মানুষের কষ্ট দেখে ঘরে বসে থাকা সম্ভব নয়। এলাকার একজন সন্তান হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সেই দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি, সমাজের সামর্থ্যবান প্রত্যেক মানুষেরই এমন সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।’

ত্রাণ বিতরণ কার্যক্রমে এলাকার গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজের প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা এ মানবিক উদ্যোগে সহযোগিতা করেন।
বিজ্ঞাপন
সৈয়দ হাসান আযহারী জানান, দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা কার্যক্রমও চলমান থাকবে।








