সড়ক ধসে বিচ্ছিন্ন যোগাযোগ, দুর্ভোগে মির্জাপুরের পূর্বাঞ্চলের হাজারো মানুষ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া-অভিরামপুর সড়কের ‘মুথার চালা’ এলাকায় সড়ক ধসে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে পূর্বাঞ্চলের হাজারো মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি ধসে যাওয়ায় জরুরি রোগী হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য বাজারে পরিবহন কার্যত বন্ধ হয়ে গেছে। বিকল্প কোনো সড়ক না থাকায় প্রতিদিন ভোগান্তি বাড়ছে এলাকাবাসীর।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং দ্রুত জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইউএনও খান সালমান হাবিব জানান, ক্ষতিগ্রস্ত স্থানে অতি দ্রুত একটি বক্স কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যাতে এলাকার মানুষের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা দ্রুত পুনঃস্থাপন করা যায়।
পরিদর্শনকালে উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এস এম রুবেল পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে দ্রুত সড়ক সংস্কার ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, বর্ষা মৌসুমে প্রতিবছর এ ধরনের সমস্যা দেখা দিলেও দীর্ঘমেয়াদি কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই ভবিষ্যতে একই ধরনের দুর্ভোগ এড়াতে টেকসই অবকাঠামো নির্মাণের দাবি জানিয়েছেন তারা।








