সাড়ে পাঁচ ঘণ্টা পর সচল ঢাকা-খুলনা মহাসড়ক, ফরিদপুরে বাসচাপায় নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার অবরোধে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গার সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ডিমবোঝাই একটি পিকআপ উল্টে যায়। পিকআপটি উদ্ধারের কাজ চলাকালে ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে থাকা লোকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ মর্মান্তিক ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত ১২টার দিকে আগুনে ক্ষতিগ্রস্ত ও দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
বিজ্ঞাপন
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পিকআপ ও আগুনে পোড়া যানবাহনগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।








