Logo

ভাঙ্গায় বাস চাপায় নিহত ৪, আহত অন্তত ২০

profile picture
উপজেলা প্রতিনিধি
ভাঙ্গা, ফরিদপুর
১১ জুলাই, ২০২৬, ২১:০০
ভাঙ্গায় বাস চাপায় নিহত ৪, আহত অন্তত ২০
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় কবলিত একটি ডিমবাহী পিকআপ উদ্ধারের সময় ভয়াবহ আরেকটি দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে একটি ডিমবাহী পিকআপ মহাসড়কে উল্টে গেলে সেটি উদ্ধারের জন্য পুলিশ রেকার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এ সময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং আরও অন্তত ২০ জন আহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহতদের দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং উদ্ধারকাজ পরিচালনা করেন।

এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা কয়েকটি বাসে ভাঙচুর চালায় এবং অন্তত একটি বাসে অগ্নিসংযোগ করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে জানানো হবে। প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD