বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মো. ইমন আলী (প্রায় ২৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক গত ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২ জুলাই দুপুরে উপজেলার দয়ারামপুর বাজার এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
বিজ্ঞাপন
এ ঘটনায় বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৪৮) করা হয়েছে। নিখোঁজ ইমন আলী উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামের ভ্যানচালক মো. জাহাঙ্গীর আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জন্মগতভাবে মানসিক প্রতিবন্ধী ইমন স্পষ্টভাবে কথা বলতে পারেন না। গত ২ জুলাই দুপুর ১টার দিকে তিনি বাড়ি থেকে দয়ারামপুর বাজারে যান। এরপর আর বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান না পেয়ে গত ৬ জুলাই তার বাবা বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে ছেলের কোনো খোঁজ না পেয়ে ইমনের মা রিকতা বেগম মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি সন্তানকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, মানসিক প্রতিবন্ধী এক যুবক নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, ইমনের সঙ্গে কোনো মোবাইল ফোন না থাকায় তাকে শনাক্ত করতে কিছুটা সময় লাগছে। তবে দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ ইমন আলীর সন্ধান পেলে তার ভাই মো. কাউছার আলী (মোবাইল: ০১৭৬৪-১০৭৫২১), বাবা মো. জাহাঙ্গীর আলী (মোবাইল: ০১৭৪৫-৭৩৫৫৮৫) অথবা বাগাতিপাড়া মডেল থানার ডিউটি অফিসার (০১৩২০-১২৪৬৩১) কিংবা ভারপ্রাপ্ত কর্মকর্তা (০১৩২০-১২৪৬২৬) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।








