শ্রীপুরে ২ কিলোমিটার কাঁচা সড়কের বেহাল দশা

মাগুরার শ্রীপুর উপজেলার ১ নম্বর গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের জোড়া ব্রিজ থেকে ইছাপুর বিএনপি মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার কাঁচা সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে গেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ জুলাই) সরেজমিনে দেখা যায়, সড়কজুড়ে বড় বড় গর্ত, কাদার স্তূপ এবং জমে থাকা পানির কারণে যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে ভ্যান, অটোরিকশা ও ইজিবাইক চলাচল করলেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, দিনমজুরসহ হাজারো মানুষ যাতায়াত করেন। কিন্তু সড়কের এমন নাজুক অবস্থার কারণে তাদের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, শুকনো মৌসুমেও সড়কটি চলাচলের অনুপযোগী থাকে। যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় অনেককে বিকল্প পথ ব্যবহার করতে হয়। এতে সময়ের পাশাপাশি অতিরিক্ত খরচও গুনতে হচ্ছে।
স্থানীয় কৃষক বকুল হোসেন জানান, ফসল বাজারে নিতে দ্বিগুণ পরিবহন ভাড়া দিতে হয়। ধান, চাল কিংবা সবজি বিক্রি করেও তেমন লাভ থাকে না।
ভ্যানচালক আমিরুল বলেন, ভাঙা রাস্তা ও কাদার কারণে ঠিকমতো গাড়ি চালানো যায় না। চলাচল করতে গিয়ে বারবার গাড়ির মোটর নষ্ট হয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মালামাল পরিবহনে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। এতে ব্যবসায় লোকসান বাড়ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এলাকাবাসীর অভিযোগ, প্রায় পাঁচ মাস আগে শ্রীপুর উপজেলা প্রকৌশলী অফিসে সড়কটি পাকাকরণের জন্য আবেদন করা হলেও এখনো কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত সড়কটি পাকাকরণ ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, সড়কটি পাকাকরণের জন্য এলাকাবাসীর আবেদন পাওয়া গেছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।








