Logo

সন্ধ্যার পর শিক্ষার্থীদের আড্ডা ও ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ

profile picture
জেলা প্রতিনিধি
ফেনী
১৮ জুলাই, ২০২৬, ১৫:৩৬
সন্ধ্যার পর শিক্ষার্থীদের আড্ডা ও ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ
ছবি : জনবাণী গ্রাফিক্স

ফেনী জেলায় সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা দেওয়া এবং অপ্রয়োজনীয়ভাবে বাইরে ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। জননিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের ঘোষিত এই নির্দেশনা ইতোমধ্যে কার্যকর করা শুরু হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠপর্যায়ে কাজ করছেন।

প্রশাসন জানিয়েছে, সিদ্ধান্তটি শুধু ঘোষণা দিয়েই সীমাবদ্ধ থাকবে না; বরং কঠোরভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

এ লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় জনসচেতনতা বাড়াতে মাইকিং করা হচ্ছে। শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষকে নতুন নির্দেশনার বিষয়ে অবহিত করা হচ্ছে এবং সবাইকে তা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় আড্ডা ও উদ্দেশ্যহীন ঘোরাঘুরি থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে সন্ধ্যার পর চা-দোকান বা জনসমাগমস্থলে অবস্থান না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রশাসনের ভাষ্য, শিক্ষার্থীদের সময় ও মনোযোগ যেন পড়াশোনার দিকে বেশি থাকে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা মনে করছে, শিক্ষা ও আত্মউন্নয়নকে অগ্রাধিকার দিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।

এ কারণে শিক্ষার্থীদের উদ্দেশে প্রশাসনের বার্তা— আড্ডা নয়, শিক্ষাই হোক প্রধান অগ্রাধিকার।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন আশা করছে, অভিভাবক, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সহযোগিতায় এই নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে এবং এর মাধ্যমে জেলার শিক্ষার পরিবেশ আরও শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ হয়ে উঠবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD