Logo

খাল খননসহ শেরপুরে দিনব্যাপী কর্মসূচি পরিদর্শনে জেলা প্রশাসক

profile picture
উপজেলা প্রতিনিধি
শেরপুর, বগুড়া
২১ জুলাই, ২০২৬, ১৯:৩৫
খাল খননসহ শেরপুরে দিনব্যাপী কর্মসূচি পরিদর্শনে জেলা প্রশাসক
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় বিভিন্ন সরকারি উন্নয়ন কার্যক্রম ও সেবামূলক কর্মসূচি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। দিনব্যাপী কর্মসূচিতে তিনি খাল খনন প্রকল্প, শিক্ষা প্রতিষ্ঠান, ভূমি অফিস, উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন এবং উপকারভোগীদের মধ্যে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণে অংশ নেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জুলাই) সকালে জেলা প্রশাসক প্রথমে শেরপুর থানা পরিদর্শন করেন এবং সালামি গ্রহণ করেন। পরে উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে সেখানে একটি ফলজ গাছের চারা রোপণ করেন।

এরপর তিনি গাড়ীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

দুপুরে কুসুম্বী ইউনিয়নের ভদ্রাবতী-তিলকাতলা-একডালা খাল খনন প্রকল্প পরিদর্শন শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, “এলজিইডির বাস্তবায়নে খাল খনন প্রকল্পটি পরিদর্শন করে আমার কাছে মনে হয়েছে, আরও ভালোভাবে কাজ করার সুযোগ ছিল। কাজটি এখনও চলমান রয়েছে। বিল পরিশোধের আগে যেন এস্টিমেট অনুযায়ী সুন্দরভাবে খননকাজ সম্পন্ন করা হয়, সে নির্দেশনা দিয়েছি। কাজ শেষ হলে আমরা পুনরায় পরিদর্শন করব। খনন কার্যক্রম তদারকির জন্য কমিটিও গঠন করা হয়েছে। কোনো অনিয়ম বরদাশত করা হবে না।”

বিজ্ঞাপন

পরে উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত “পত্র পল্লব” ফুলবাগানের উদ্বোধন এবং ফলজ বৃক্ষরোপণ করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ সহায়তা কর্মসূচির আওতায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, অসহায় ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা ও ঢেউটিন এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসক।

দিনব্যাপী কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জাব্বার, প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD