এফএনবির জাতীয় বোর্ডে জায়গা পেলেন শিক্ষাবিদ শেখ ইউসুফ লিটন

ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি)-এর জাতীয় কার্যনির্বাহী বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও উন্নয়নকর্মী অধ্যক্ষ শেখ মোহাম্মদ ইউসুফ লিটন। দেশের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর অন্যতম বৃহৎ এ সংগঠনের ২৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে তিনি এ দায়িত্ব লাভ করেন।
বিজ্ঞাপন
রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনে দেশের বিভিন্ন জেলার এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে জাতীয় কার্যনির্বাহী বোর্ডের সদস্য হিসেবে অধ্যক্ষ শেখ মোহাম্মদ ইউসুফ লিটন নির্বাচিত হন।
শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে তিনি উন্নয়ন অঙ্গনে সুপরিচিত। এর আগে তিনি একাধিকবার এফএনবির সেন্ট্রাল কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি এফএনবির ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া একই কমিটির সদস্য সচিব হিসেবে টানা পাঁচবার দায়িত্ব পালন করে সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
এছাড়াও অধ্যক্ষ শেখ মোহাম্মদ ইউসুফ লিটন বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ)-এর জাতীয় নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান। একই সঙ্গে তিনি এএলআরডি, এসটিআই/এইডস নেটওয়ার্ক অব বাংলাদেশ, বাটাসহ বিভিন্ন জাতীয় পর্যায়ের উন্নয়ন ও এনজিও নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
বিজ্ঞাপন
তিনি এসেড কারিগরি ও বাণিজ্যিক কলেজ এবং এসেড ইনস্টিটিউট অব কম্পিউটার টেকনোলজির প্রতিষ্ঠাতা। বর্তমানে প্রতিষ্ঠান দুটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জিয়া পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা, মানবাধিকার, সামাজিক উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
এফএনবির জাতীয় কার্যনির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় ময়মনসিংহ বিভাগের শিক্ষা অঙ্গন, উন্নয়ন সংগঠন, সুশীল সমাজ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাদের প্রত্যাশা, তার অভিজ্ঞতা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে দেশের এনজিও খাতের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।








