Logo

দেশে প্রথমবার নৌযান শুমারি, ময়মনসিংহে প্রস্তুতি সভা

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৩০ জুলাই, ২০২৬, ১৫:১৩
দেশে প্রথমবার নৌযান শুমারি, ময়মনসিংহে প্রস্তুতি সভা
ছবি: সংগৃহীত

দেশের নৌপরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও তথ্যনির্ভর পরিকল্পনার আওতায় আনতে প্রথমবারের মতো দেশব্যাপী নৌযান শুমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জুলাই) ময়মনসিংহে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যৌথভাবে একটি অবহিতকরণ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) সালাউদ্দিন তালুকদার। এছাড়াও বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভাগীয় পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক ফিরোজ ইবনে ইউসুফ শুমারির বিভিন্ন দিক তুলে ধরেন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজাদ জাহান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সেমিনারে জানানো হয়, আগামী ২০ থেকে ২৯ আগস্ট সারাদেশে নৌযান শুমারি-২০২৬ পরিচালিত হবে। এই শুমারির আওতায় সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী সব ধরনের ইঞ্জিনচালিত নৌযান, ড্রেজারসহ বিভিন্ন জলযানের তথ্য সংগ্রহ করা হবে। প্রাপ্ত তথ্য ভবিষ্যতে নৌপরিবহন খাতের পরিকল্পনা, নিরাপত্তা এবং ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপস্থাপিত তথ্য অনুযায়ী, বর্তমানে ময়মনসিংহ বিভাগে মোট ৮ হাজার ৭৯০টি ইঞ্জিনচালিত নৌযান রয়েছে। এর মধ্যে ঘাটভিত্তিক নৌযানের সংখ্যা ২ হাজার ৫৫০টি এবং খানাভিত্তিক নৌযান রয়েছে ৬ হাজার ২৪০টি।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, নৌযানের নিবন্ধন ও শুমারি নৌপথকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, সড়কপথের যানবাহনের মতো নৌযানেরও নিবন্ধন নম্বর নিশ্চিত করা গেলে দুর্ঘটনা, ডাকাতি, দস্যুতা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তা কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ব্রহ্মপুত্র নদে বালুবাহী বাল্কহেডের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে, যাতে ছোট ট্রলার ও অন্যান্য নৌযান দুর্ঘটনার শিকার না হয়। পাশাপাশি আইন অনুযায়ী সব নৌযানের নিবন্ধন, চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং নৌযানের ফিটনেস নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD