Logo

ঘন ঘন লোডশেডিংয়ে চুনারুঘাটের চা শিল্পে নেমেছে বিপর্যয়

profile picture
উপজেলা প্রতিনিধি
চুনারুঘাট, হবিগঞ্জ
২৯ জুলাই, ২০২৬, ১১:৪৬
ঘন ঘন লোডশেডিংয়ে চুনারুঘাটের চা শিল্পে নেমেছে বিপর্যয়
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণে চা শিল্পে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় উপজেলার বিভিন্ন চা বাগানের কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে একদিকে চায়ের উৎপাদন কমে যাচ্ছে, অন্যদিকে বাড়ছে উৎপাদন ব্যয়। ফলে বাগান মালিকদের পাশাপাশি শ্রমিকরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত তিন থেকে চার দিন ধরে চুনারুঘাট উপজেলার দেউন্দি, লস্করপুরসহ বিভিন্ন চা বাগানে ঘন ঘন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার অভিযোগ পাওয়া গেছে। কোনো কোনো দিন এই সময় আরও দীর্ঘ হচ্ছে। একই ধরনের সমস্যায় পড়েছে পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ও সুরমা চা বাগানও।

বিদ্যুৎ সংকটের কারণে চা কারখানাগুলোতে উৎপাদনের গুরুত্বপূর্ণ ধাপগুলো নির্ধারিত সময়ে সম্পন্ন করা যাচ্ছে না। বাগান থেকে সংগ্রহের পর কাঁচা চা পাতা দ্রুত কারখানায় নিয়ে উইদারিং, রোলিং ও ড্রায়িংসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করতে হয়। কিন্তু দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় এসব কার্যক্রম সময়মতো করা সম্ভব হচ্ছে না। এতে কারখানায় জমে থাকা কাঁচা চা পাতার একটি অংশ নষ্ট হয়ে যাচ্ছে এবং উৎপাদনও ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চা শিল্পসংশ্লিষ্টরা বলছেন, বাগান থেকে পাতা সংগ্রহের পর নির্দিষ্ট সময়ের মধ্যে প্রক্রিয়াজাত করা না হলে এর গুণগত মান দ্রুত কমে যায়। বিদ্যুৎ বিভ্রাটের কারণে সময়মতো প্রক্রিয়াজাতকরণ সম্ভব না হওয়ায় উৎপাদিত চায়ের মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাব পড়তে পারে চায়ের বাজারমূল্যের ওপরও।

পরিস্থিতি সামাল দিতে কোনো কোনো চা বাগান কর্তৃপক্ষ বিকল্প হিসেবে জেনারেটর ব্যবহার করছেন। তবে জ্বালানি তেলের বাড়তি দামের কারণে দীর্ঘ সময় জেনারেটর চালিয়ে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। ফলে একদিকে উৎপাদন কমছে, অন্যদিকে বিদ্যুৎ বিকল্প ব্যবস্থায় অতিরিক্ত ব্যয় যুক্ত হওয়ায় সামগ্রিকভাবে ক্ষতির পরিমাণ বাড়ছে।

বিজ্ঞাপন

লস্করপুর ভ্যালির বড় বাবু চঞ্চল কুমার দাশ বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অনেক সময় বাধ্য হয়ে জেনারেটর চালাতে হচ্ছে। কিন্তু ডিজেলের দাম বেশি হওয়ায় দীর্ঘক্ষণ জেনারেটর চালানো কঠিন হয়ে পড়েছে। এতে চা উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে।

সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি না হলে চুনারুঘাটসহ বৃহত্তর এলাকার চা শিল্পে আরও বড় ধরনের সংকট তৈরি হতে পারে। বিশেষ করে চা পাতা নষ্ট হওয়া, উৎপাদন কমে যাওয়া এবং গুণগত মানের অবনতির কারণে বাগান মালিকরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।

এ বিষয়ে চুনারুঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোঃ মনজুরুল আলম বলেন, বিদ্যুতের পর্যাপ্ত ঘাটতি থাকায় লোডশেডিং করতে হচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD