চুনারুঘাটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে লোডশেডিংয়ের ভোগান্তি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাঝেমধ্যে বৃষ্টির দেখা মিললেও কমছে না তীব্র গরমের দাপট। এর সঙ্গে যোগ হয়েছে দীর্ঘ সময়ের লোডশেডিং। ফলে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে।
বিজ্ঞাপন
স্থানীয়দের অভিযোগ, দিন-রাত মিলিয়ে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। প্রচণ্ড গরমের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় শ্রমজীবী মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন এ অঞ্চলে গরমের তীব্রতা অব্যাহত থাকতে পারে। সোমবার (২৯ জুন) চুনারুঘাটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত হলেও ভ্যাপসা গরম থেকে মিলছে না স্বস্তি।
বিজ্ঞাপন
গরম থেকে কিছুটা স্বস্তি পেতে অনেককে ছাতা নিয়ে চলাচল করতে দেখা গেছে। বেড়েছে লেবুর শরবত ও ঠান্ডা পানীয়র চাহিদাও। চুনারুঘাট পৌর শহরের শরবত বিক্রেতা রহমত আলী বলেন, গরম বাড়ার পর আগের তুলনায় প্রায় দ্বিগুণ শরবত বিক্রি হচ্ছে। এতে আমার আয়ও কিছুটা বেড়েছে।
এদিকে গরমজনিত নানা রোগে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিশুদের মধ্যে নিউমোনিয়া ও আমাশয় এবং বয়স্কদের মধ্যে হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে।
বিজ্ঞাপন
স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের ভোগান্তি আরও বাড়ছে বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ার কারণে। তীব্র গরম ও লোডশেডিংয়ের কারণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।








