বরগুনায় পুলিশের অভিযানে ৯ লাখ টাকা ও স্বর্ণ উদ্ধার, আটক ২

বরগুনা জেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাই নগদ অর্থ, স্বর্ণালঙ্কার এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় আরও দুইজন পালিয়ে যেতে সক্ষম হন। তাদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার কুদরত-ই খোদা এ তথ্য জানান।
তিনি বলেন, জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২৯ জুলাই) বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বরগুনা সদর থানার একটি দল ওই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে খাদিজা ও মরিয়ম নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি ৬ ভরি ১১ আনা ৫ রতি ওজনের বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১১ হাজার টাকা। এছাড়া প্রায় ৭০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে যে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মলম পার্টি ও ছিনতাইয়ের মাধ্যমে নগদ অর্থ ও মূল্যবান মালামাল হাতিয়ে নিয়ে আসছিল। থানার রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, পলাতক আসামিদের বিরুদ্ধে ঢাকার মিরপুর মডেল থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ সুপার কুদরত-ই খোদা জানান, উদ্ধার করা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও অন্যান্য আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তার এবং চোরাই মালামাল উদ্ধারে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।








