Logo

সাপে কাটা লতা খাতুনকে ওঝার বাড়িতে নিয়ে ঝাড়ফুঁক, অতঃপর...

profile picture
উপজেলা প্রতিনিধি
লালপুর, নাটোর
৩০ জুলাই, ২০২৬, ১৩:২৮
সাপে কাটা লতা খাতুনকে ওঝার বাড়িতে নিয়ে ঝাড়ফুঁক, অতঃপর...
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলায় সাপের কামড়ে লতা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সাপে কাটার পর তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে ওঝার বাড়িতে ঝাড়ফুঁক করানো হয়। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার লালপুর ইউনিয়নের জোতদৈবকী-বুধপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জোতদৈবকী-বুধপাড়া গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. সাইদুর রহমানের স্ত্রী লতা খাতুন বিকেল প্রায় ৫টার দিকে নিজ বাড়ির খড়ের ঘরে কাজ করছিলেন। এ সময় একটি অজ্ঞাত প্রজাতির সাপ তার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলে কামড় দেয়। ঘটনাকালে তার স্বামী বাড়িতে ছিলেন না। পরে তিনি নিজেই কাপড় দিয়ে পা শক্ত করে বেঁধে ক্ষতস্থানে চাপ দিয়ে প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসাকেন্দ্রে না নিয়ে উপজেলার ডেবরপাড়া এলাকার এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসার চেষ্টা করা হয়। দীর্ঘ সময় পর অবস্থার অবনতি হলে সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে লতা খাতুনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর ঘটনাটি পুলিশ গুরুত্বসহকারে দেখছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার সার্বিক দিক খতিয়ে দেখতে প্রয়োজনীয় তদন্ত অব্যাহত রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD