বারহাট্টায় দেড় লাখ টাকার চোরাই মোটরসাইকেল টায়ার জব্দ, আটক ১

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৪৫টি মোটরসাইকেলের টায়ার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় টায়ার বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশার চালককে আটক করা হয়েছে। জব্দ হওয়া টায়ারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার নৈহাটি বাজার এলাকায় স্থানীয়দের সহযোগিতায় সিএনজিচালিত অটোরিকশাসহ চালক আকিকুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে বারহাট্টা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে টায়ার বহনকারী অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
আটক আকিকুল ইসলাম (৩২) সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বলরামপুর গ্রামের মৃত কালাচাঁন মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিকুল জানান, মধ্যনগরের ইটখলা এলাকা থেকে এক অপরিচিত ব্যক্তি দুটি ভাড়ায় চালিত অটোরিকশার মাধ্যমে এসব টায়ার নেত্রকোনার এক ব্যবসায়ীর কাছে পাঠানোর দায়িত্ব দেন। তবে টায়ারের প্রকৃত মালিক বা চোরাচালান চক্রের অন্য সদস্যদের বিষয়ে তিনি বিস্তারিত তথ্য দিতে পারেননি।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, এ ঘটনায় আকিকুল ইসলামসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, জব্দ হওয়া টায়ারের উৎস এবং এ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








