Logo

টঙ্গী–পূবাইল রুটে হঠাৎ অটোরিকশা ভাড়া বৃদ্ধি, ভোগান্তিতে যাত্রীরা

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর সদর, গাজীপুর
৩০ জুলাই, ২০২৬, ১৫:০১
টঙ্গী–পূবাইল রুটে হঠাৎ অটোরিকশা ভাড়া বৃদ্ধি, ভোগান্তিতে যাত্রীরা
ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড থেকে টিএন্ডটি, সিলমুন, মাজুখান, করমতলা, মীরের বাজার হয়ে পূবাইল স্টেশন পর্যন্ত চলাচলকারী অটোরিকশার ভাড়া হঠাৎ বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কোনো পূর্ব ঘোষণা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি, কয়েকদিন আগেও নির্ধারিত ভাড়ায় চলাচল করা গেলেও বর্তমানে একই দূরত্বে জনপ্রতি অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী চাকরিজীবী, শিক্ষার্থী, শ্রমিক এবং নিম্ন আয়ের মানুষ।

করমতলা এলাকার এক যাত্রী জানান, প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করতে হয়। হঠাৎ ভাড়া বেড়ে যাওয়ায় মাসিক যাতায়াত ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই ধরনের অভিযোগ করেছেন মীরের বাজার ও পূবাইল স্টেশন এলাকার আরও অনেক যাত্রী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মীরের বাজারের ব্যবসায়ী সফিকুল ইসলাম বলেন, এ রুটে চলাচলকারী কিছু অটোরিকশাচালক নিজেদের ইচ্ছামতো ভাড়া আদায় করছেন। এতে প্রায়ই যাত্রী ও চালকদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হচ্ছে, যা জনদুর্ভোগ আরও বাড়িয়ে দিচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা জানান, টঙ্গী–পূবাইল সড়কটি হাজারো মানুষের প্রতিদিনের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। অযৌক্তিকভাবে ভাড়া বাড়ানোয় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়েছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে যৌক্তিক ভাড়া নির্ধারণ এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবহন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে যাত্রীদের প্রত্যাশা, দ্রুত নির্ধারিত ভাড়ার তালিকা প্রণয়ন ও কঠোরভাবে তা বাস্তবায়নের মাধ্যমে এ রুটে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের অবসান ঘটবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD