দেড় বছর ধরে বন্ধ সড়ক সংস্কার, নলছিটিতে মানববন্ধন

ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সেওতা–মানপাশা সড়কের সংস্কারকাজ ঠিকাদারের মৃত্যুর পর প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে। এতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও যানবাহন চালকদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দ্রুত সংস্কারকাজ পুনরায় শুরুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে সেওতা–মানপাশা সড়কে স্থানীয় নাগরিক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিবহন চালকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা দ্রুত সংস্কারকাজ পুনরায় শুরু করে জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় দুই বছর আগে সড়কটির সংস্কারকাজ শুরু হলেও ঠিকাদারের মৃত্যুর পর দেড় বছর ধরে কাজ বন্ধ রয়েছে। ফলে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়েছে। প্রতিদিন এ পথে চলাচলকারী মানুষকে চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, সেওতা–মানপাশা সড়কটি নলছিটির মানপাশা এলাকার সঙ্গে পাশের বাকেরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। এছাড়া অন্তত তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক ব্যবহার করে বিদ্যালয়ে যাতায়াত করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং যানবাহন উল্টে যাত্রী ও পথচারীরা আহত হচ্ছেন।
বিজ্ঞাপন
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। দ্রুত সংস্কারকাজ শুরু না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।
এ বিষয়ে নলছিটি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী মো. মঈনুল আযম জানান, সড়কটির সংস্কারকাজের দায়িত্বে থাকা ঠিকাদার মো. নাসিম আকন কাজ চলাকালীন মারা যাওয়ায় প্রকল্পটির কাজ স্থগিত হয়ে যায়। বর্তমানে বিষয়টি সমাধানে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুত কাজ পুনরায় শুরু করার চেষ্টা করা হচ্ছে।
এলাকাবাসীর আশা, জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কারকাজ দ্রুত শেষ করে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।








