যেসব এলাকায় টানা সাড়ে ৭ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় টানা সাড়ে সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিজ্ঞাপন
শনিবার (১ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার (২ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ ও কারিগরি উন্নয়ন কাজ সম্পন্ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলোর মধ্যে রয়েছে বটতলা, গোহাটা রোড, শিক্ষকপল্লি, জনতা রোড, বৈশাখী রোড, চাঁদমারী, ব্যাংকপাড়া, হীরাবাড়ী, মোহাম্মদপাড়া মোড়, নতুন স্কুল রোড, বাগচীবাড়ী, ইসলামবাগ, মান্দারতলা এবং আশ্রম রোড।
বিজ্ঞাপন
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ শেষ করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে। তবে কাজের অগ্রগতির ওপর নির্ভর করে সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে।
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তাদের দাবি, ভবিষ্যতে আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ ছাড়া সংশ্লিষ্ট এলাকাবাসীকে আগাম সতর্ক করতে ইতোমধ্যে মাইকিং করা হয়েছে বলেও জানিয়েছে ওজোপাডিকো। দুর্ঘটনা এড়াতে রক্ষণাবেক্ষণ চলাকালে বিদ্যুৎ সংযোগসংক্রান্ত যেকোনো কাজ থেকে বিরত থাকার পাশাপাশি গ্রাহকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।








