Logo

পাবনায় পরাগের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজিসহ নানা অভিযোগে স্মারকলিপি

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
২ আগস্ট, ২০২৬, ১৮:৩১
পাবনায় পরাগের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজিসহ নানা অভিযোগে স্মারকলিপি
ছবি: প্রতিনিধি

পাবনায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী এবং জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, সরকারি চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, সাংবাদিকদের হুমকিসহ বিভিন্ন অভিযোগ তুলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত খালেদ হোসেন পরাগ।

বিজ্ঞাপন

রবিবার (২ আগস্ট) দুপুরে ‘সচেতন নাগরিক সমাজ, পাবনা’র ব্যানারে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খালেদ হোসেন পরাগ দীর্ঘদিন ধরে নিজের প্রভাব-প্রতিপত্তি ব্যবহার করে ব্যবসায়ী, সাংবাদিক ও সাধারণ মানুষকে নানা ধরনের চাপের মুখে রেখেছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, ব্ল্যাকমেইল এবং সরকারি চাকরির নামে অর্থ আদায়ের মতো অভিযোগ তুলে দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা।

এছাড়া অভিযোগে বলা হয়, গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার করে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

জুলাই ঐক্য পরিষদ পাবনার সদস্য আবদুল্লাহ আল-নোমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ইমামুর রহমান, জাতীয় নাগরিক কমিটি পাবনার যুগ্ম-আহ্বায়ক নুর হোসেন শিমুল, পাবনা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মিরাজুল ইসলাম মিরাজ, জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের আহ্বায়ক প্রকৌশলী আবদুল্লাহ কবির তন্ময় এবং সাংবাদিক মোবারক হোসেন বিশ্বাসসহ অন্যরা।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, দিলালপুর এলাকার মো. আবদুল নাহিদ মিয়া মিথুন নামের এক সহযোগীর মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদার অর্থ একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা দিতে বাধ্য করা হতো। পাশাপাশি ব্যবসায়ীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক চাপ, ভয়ভীতি ও ব্ল্যাকমেইল চালানোর অভিযোগও তোলা হয়।

এছাড়া স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তের বিরুদ্ধে মাদকসেবন, বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় হামলা ও হত্যা মামলার আসামিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।

বিজ্ঞাপন

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা খালেদ হোসেন পরাগ ও তার কথিত সহযোগীদের দ্রুত আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসক আমিনুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর লিখিত স্মারকলিপি জমা দেন।

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে খালেদ হোসেন পরাগ বলেন, তার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগই সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, কোথায়, কবে, কার কাছ থেকে চাঁদা নিয়েছেন বা কার জমি দখল করেছেন—এর কোনো প্রমাণ অভিযোগকারীরা দেখাতে পারবেন না।

বিজ্ঞাপন

তার ভাষ্য, এসব অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই এবং তাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যেই এগুলো প্রচার করা হচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD