কাশিমপুর ভূমি অফিসে ডিসির ঝটিকা অভিযান, বরখাস্ত ৪

গাজীপুর মহানগরীর কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে ঝটিকা পরিদর্শনে গিয়ে সেবা প্রদানে অনিয়ম, প্রশাসনিক অদক্ষতা, দালালের মাধ্যমে কাজ করানো এবং দায়িত্বে অবহেলার প্রাথমিক সত্যতা পাওয়ায় চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
বিজ্ঞাপন
সোমবার (৩ আগস্ট) সকালে পূর্বঘোষণা ছাড়াই কাশিমপুর ভূমি অফিসে পরিদর্শনে গিয়ে তিনি এ ব্যবস্থা নেন।
বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান ও আব্দুল হালিম।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, পরিদর্শনকালে জেলা প্রশাসক অফিসের নথিপত্র যাচাই-বাছাই করেন এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় বিভিন্ন নথিতে অসঙ্গতি, দীর্ঘদিন ধরে বহু আবেদন অমীমাংসিত অবস্থায় পড়ে থাকা এবং দাপ্তরিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এছাড়া দায়িত্বপ্রাপ্ত দুজন কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়।
বিজ্ঞাপন
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হলে তারা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। প্রাথমিক তদন্তে প্রশাসনিক অদক্ষতা ও দায়িত্বে অবহেলার সত্যতা মিলায় তাৎক্ষণিকভাবে চারজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন জেলা প্রশাসক।
পরিদর্শন শেষে সাংবাদিকদের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, কাশিমপুর ভূমি অফিসে গিয়ে দেখা গেছে, দায়িত্বপ্রাপ্তরা নিয়ম অনুযায়ী কাজ করছেন না। তাদের বিরুদ্ধে দীর্ঘদিনের নানা অভিযোগ রয়েছে। অনেক সেবা অকারণে ঝুলে আছে, প্রয়োজনীয় নথিপত্র দেখাতে পারেননি এবং নামজারির সফটওয়্যার ব্যবস্থাপনাও উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন।
তিনি বলেন, জনগণকে সেবা দেওয়ার জন্য সরকারি বেতন নেওয়া হলেও তারা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেননি। প্রাথমিকভাবে বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
কাশিমপুর ভূমি অফিস পরিদর্শন শেষে জেলা প্রশাসক কালিয়াকৈরের সফিপুর ভূমি অফিসেও আকস্মিক পরিদর্শন করেন। সেখানে ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
জেলা প্রশাসন জানিয়েছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া ভূমিসেবায় অনিয়ম রোধ ও জনসেবা নিশ্চিত করতে নিয়মিত ঝটিকা পরিদর্শন চালিয়ে যাচ্ছেন। জনস্বার্থে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন








