Logo

মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে অস্বীকৃতি, মারধরে প্রাণ গেল বাবার

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
৫ আগস্ট, ২০২৬, ১৭:০৫
মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে অস্বীকৃতি, মারধরে প্রাণ গেল বাবার
ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মেয়ের শ্বশুরবাড়ির একটি পারিবারিক অনুষ্ঠানে যেতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে সংঘর্ষে মো. আবুল বাশার (৫০) নামে এক দিনমজুরের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের মেয়ের শ্বশুর, শাশুড়ি এবং ননদের জামাইকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বাশার ওই গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে।

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আবুল বাশারের অন্তঃসত্ত্বা মেয়ে ময়না আক্তারের গর্ভধারণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আগামী শুক্রবার একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে মেয়ের শ্বশুরবাড়ির তিন সদস্য আবুল বাশারের বাড়িতে যান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্বজনদের অভিযোগ, একই দিনে তার ভাতিজার বিয়ের অনুষ্ঠান থাকায় আবুল বাশার শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে অপারগতার কথা জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মেয়ের শ্বশুর আব্দুল মতিন তার গলা চেপে ধরেন এবং বুকে ঘুষি মারেন। এ সময় মেয়ের শাশুড়ি রোজিনা বেগম ও ননদের জামাই মো. হৃদয়ও তাকে মারধর করেন বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।

পরে গুরুতর আহত অবস্থায় আবুল বাশারকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

নিহতের স্ত্রী ঝরনা বেগম অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার মেয়েকে নির্যাতন করা হচ্ছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

বিজ্ঞাপন

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD